এআই সম্প্রসারণে অর্থ সংগ্রহের নতুন পথ খুঁজছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়াতে ভোটাধিকারহীন নতুন শ্রেণির শেয়ার চালুর পরিকল্পনা করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ, কর্মীদের পারিশ্রমিক ও অন্য প্রতিষ্ঠান অধিগ্রহণে অর্থ ব্যয় করতে পারবে কোম্পানিটি। তবে বিদ্যমান শেয়ারহোল্ডারদের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের সময় পরিকল্পনাটি নিশ্চিত করে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা সুসান লি জানান, নতুন শ্রেণির শেয়ার লভ্যাংশ হিসেবে বিদ্যমান সব শেয়ারহোল্ডারকে দেওয়া হবে। এসব শেয়ার পুঁজিবাজারে লেনদেনযোগ্য হবে।
মেটার দাবি, নতুন শেয়ার চালুর ফলে প্রতিষ্ঠাতানির্ভর পরিচালন কাঠামো বজায় রেখেই বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের সুযোগ বাড়বে।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মেটার আয় হয়েছে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। তবে এ সময়ে কোম্পানিটির ব্যয়ও বেড়েছে ৬৮ শতাংশ। এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মেটা নতুন কয়েকটি এআই মডেল ও মিউজ কোড নামের কোডিং এজেন্ট চালু করেছে।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় দেড় মাসে এক কোটির বেশি মানুষ মিউজের ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহার শুরু করেছেন। তবে তরুণ ব্যবহারকারীদের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আইনি ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখেও রয়েছে প্রতিষ্ঠানটি।