প্রবৃদ্ধি কমায় ১ হাজার ২৭১ কর্মী ছাঁটাই করেছে ক্যানভা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:০১

প্রবৃদ্ধি কমায় ১ হাজার ২৭১ কর্মী ছাঁটাই করেছে ক্যানভা

ব্যবসার প্রবৃদ্ধি কমে যাওয়ায় বৈশ্বিক কর্মীসংখ্যার প্রায় ২২ শতাংশ ছাঁটাই করছে অস্ট্রেলিয়ার নকশা তৈরির সফটওয়্যার প্রতিষ্ঠান ক্যানভা। এ সিদ্ধান্তের ফলে চাকরি হারাবেন ১ হাজার ২৭১ জন কর্মী। প্রতিষ্ঠানটির ১৩ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে কঠিন সময় বলে জানিয়েছেন ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের উদ্দেশে পাঠানো এক দীর্ঘ ই-মেইলে পুনর্গঠন পরিকল্পনার কথা জানিয়েছেন পারকিনস। পরে বার্তাটি ক্যানভার নিজস্ব সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়। ছাঁটাইয়ের পাশাপাশি কিছু কর্মীর দায়িত্ব পরিবর্তন এবং নির্দিষ্ট কার্যালয়ে স্থানান্তরের বিষয়ও রয়েছে এ পরিকল্পনায়।

পারকিনস জানান, গত এক দশকে প্রথমবারের মতো ক্যানভার ব্যবসায়িক প্রবৃদ্ধি কমেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কয়েক মাস পর্যালোচনার পর প্রতিষ্ঠানটি বুঝতে পেরেছে, ছোটখাটো পরিবর্তনে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সম্ভব হবে না। তাই ছোট ও স্বতন্ত্রভাবে কাজ করতে সক্ষম দল গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের ধরনে বড় পরিবর্তন আনা হচ্ছে।

ছাঁটাইয়ের শিকার কর্মীদের জন্য অন্তত ছয় মাসের বেতন ও আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ক্যানভা। পাশাপাশি যেসব দেশে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা সুবিধা দেয়, সেখানে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত স্বাস্থ্যসেবার আওতা বজায় রাখা হবে। কর্মীরা এক বছর পর্যন্ত মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সহায়তা কর্মসূচির সুবিধাও পাবেন।

এ ছাড়া চাকরি খোঁজার প্রশিক্ষণ, সাক্ষাৎকারের প্রস্তুতি, এক বছরের লিংকডইন প্রিমিয়াম সদস্যতা এবং জীবনবৃত্তান্ত তৈরিতে সহায়তা দেওয়া হবে। কর্মীরা প্রতিষ্ঠান থেকে পাওয়া ম্যাকবুকও নিজেদের কাছে রাখতে পারবেন।

নতুন ব্যবসা বা সামাজিক উদ্যোগ শুরু করতে আগ্রহী বিদায়ী কর্মীদের জন্য ‘ক্যানভা কালেকটিভ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হচ্ছে। এ তহবিল থেকে যোগ্য কর্মীরা ১০ হাজার মার্কিন ডলার করে অনুদান পাবেন।

পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ক্যানভার পণ্য উন্নয়ন, প্রবৃদ্ধি ও প্রযুক্তি অবকাঠামো বিভাগ একত্র করে একটি পণ্য উন্নয়ন বিভাগ গঠন করা হবে। ব্যবস্থাপনার স্তর কমানোর পাশাপাশি একই ধরনের দায়িত্ব পালন করা দলগুলোও একীভূত করা হবে। এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের দায়িত্ব বাড়ানোই লক্ষ্য।

কর্মীদের অবস্থান ও কার্যালয়ে উপস্থিতির নিয়মেও পরিবর্তন আসছে। ক্যানভা জানিয়েছে, সিডনি হবে প্রতিষ্ঠানটির আরও বেশি পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল। ফলে কিছু কর্মীকে সেখানে স্থানান্তরের অনুরোধ জানানো হতে পারে। আগামী জানুয়ারি থেকে অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।

বর্তমানে ৩৭টি দেশে ক্যানভার কর্মীরা কাজ করছেন। পুনর্গঠনের প্রভাব বিভিন্ন দেশ ও বিভাগের কর্মীদের ওপর পড়বে। তবে স্থানীয় আইন ও প্রক্রিয়ার কারণে ছাঁটাইসংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত কার্যকরের সময় একেক দেশে একেক রকম হতে পারে।

কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় পারকিনস বলেন, ক্যানভার বর্তমান অবস্থান গড়ে তুলতে বিদায়ী কর্মীদের অবদান অপরিসীম। তাদের দক্ষতা বা কাজের মানের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কাঠামো, দক্ষতা ও কর্মস্থল বিবেচনা করেই পরিবর্তনগুলো আনা হচ্ছে।

ক্যানভা জানিয়েছে, বিদায়ী কর্মীরা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নতুন তহবিল থেকে অনুদান পাওয়ার আগ্রহ জানাতে পারবেন। আগামী ১০ নভেম্বর কর্মীদের সঙ্গে এক বৈঠকে পুনর্গঠন পরিকল্পনা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন প্রতিষ্ঠানের নেতৃত্ব।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন